
জুলাই মাসেই কাজ শুরু করবে দেশের প্রথম ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’। পদাতিক, ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে এসে ছোট ছোট কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট তৈরি করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
সামরিক পরিভাষায় যাকে বলে ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’ বা আইবিজি। সংবাদমাধ্যম সূত্রে খবর, জুলাই মাসেই কাজ শুরু করবে দেশের প্রথম ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’। এই ধরনের মোট পাঁচটি গ্রুপ তৈরি করা হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পাহাড়ি অঞ্চলে যে কোনও ধরনের আক্রমণের মোকাবিলায় সেনাবাহিনীর আগে পৌঁছে যেতে সক্ষম হবে ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’। সেনাবাহিনীর সপ্তদশ কোরের অধীনে দেশের প্রথম ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’ কাজ করবে। এই কোরের প্রধান ঘাঁটি রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। মূলত প্রকৃত নিয়ন্ত্ররেখা বা এলএসি বরাবর চিনের আগ্রাসনের মোকাবিলায় কাজ করে থাকে এই কোর। এই পাঁচটি ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’-এর নেতৃত্বে থাকবেন এক জন মেজর জেনারেল পদমর্যাদার সেনা আধিকারিক। প্রতিটি গ্রুপে থাকবেন ৫০০০ সেনা। এই ‘ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ’-এ থাকবেন ইঞ্জিনিয়াররাও।
