বাংলাদেশ জুড়ে বন্‌ধ ডাকল আওয়ামী লীগ

0
168
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ফাঁসির সাজা দেওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সব অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই রায় পক্ষপাতদুষ্ট।

এ হেন রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশজোড়া বন্‌ধের ডাক দিয়েছে আওয়ামী লীগও।রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে শেখ হাসিনা দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে কোনও প্রমাণ নেই। আওয়ামী লীগ নেত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই রায় দেওয়া হয়েছে, তা-ও আবার একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইবুনাল সেই রায় দিয়েছে। মৃত্যুদণ্ডের রায়ও প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেছেন,এই রায় অন্তর্বর্তিকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন মাত্র। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে।মুজিব-কন্যা জানিয়েছেন, তাঁকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট হয়েছে।

বিশ্বের কোনও প্রকৃত পেশাদার আইনজীবী বাংলাদেশের ট্রাইবুনালের এই রায় সমর্থন করবেন না। অন্যদিকে রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড : মহম্মদ ইউনুস এক বিবৃতিতে জানিয়েছেন , স্বচ্ছতার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেউই আইনের উর্ধে  নন।  দেশগঠনে এই মুহূর্তে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও অপরাধ বন্ধে এই রায় সাহায্য করবে বলে তিনি আশাবাদী।