
জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথিতে দেশজুড়ে পালিত হয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা। জগন্নাথধাম পুরীতে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম। সকাল থেকেই মন্দিরের বাইরে মঞ্চে জগন্নাথ-বলরাম-শুভদ্রার বিগ্রহ বসানো হয়েছে, নিয়ম রীতি মেনেই হচ্ছে স্নানযাত্রার পুজোপাঠ।
বিশৃঙ্খলা এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। এই বিশেষ দিনে পুরীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে পশ্চিমবঙ্গে,দিঘার জগন্নাথ মন্দিরে সোমবার ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হয়েছে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র স্নানযাত্রা উৎসব। দিঘার মূল মন্দিরের পাশে তৈরি মণ্ডপে স্নানযাত্রা আচার পালন। মণ্ডপে বিশেষ বেদিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে ধর্মীয় রীতি মেনে দুধ ও নানা উপচার মিশ্রিত জলে স্নান করানো হয়েছে।
স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সাজানো হয়েছে গজবেশে। নিবেদন করা হয়েছে ৫৬ ভোগ। ওদিকে হুগলীর মাহেশে ৬৩০ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। প্রভু জগন্নাথকে ২৮ ঘরা গঙ্গাজল এবং কয়েক লিটার দুধ দিয়ে স্নান করানো হয়। মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী জানিয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্থানের পূর্বে ভারতবর্ষের বিভিন্ন নদীর জল দিয়ে সারা অঙ্গ লেপন করা হয়। স্নানের পর প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে গজবেশে সজ্জিত করা হয়।
