
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বাগযুদ্ধ চরমে।একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি রাজনৈতিক দল গড়ে রাজনীতির মাঠে নামার জল্পনাও উস্কে দিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক।ট্রাম্পও পাল্টা বলেছেন, মাস্কের সঙ্গে তার সম্পর্ক এখন শেষ হয়ে গিয়েছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্র্যাটদের ইলন মাস্ক তহবিল দিলে এর পরিণতি গুরুতর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমন অবস্থায় ট্রাম্প ও মাস্কের মধ্যে বড় খরচের একটি বিল নিয়ে বিরোধ আরও বাড়িয়ে দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বাজেট নিয়ে অনিশ্চয়তা।এ বিল নিয়ে বিরোধের জেরে নাসার বাজেটে বড় ধরনের কাটছাঁট হতে পারে বলে জানা যাচ্ছে। এর মধ্যে নাসা তাদের বাজেটের একটা খসড়া মার্কিন কংগ্রেসে জমা দিয়েছে,যেখানে বিজ্ঞান গবেষণার জন্য যেসব প্রকল্প আছে, সেগুলোর বাজেট প্রায় অর্ধেকে কমিয়ে দেওয়া হতে পারে।এতে মোট ৪০টি মহাকাশ মিশন রয়েছে, যেগুলোর এখন প্রস্তুতি চলছে বা এরইমধ্যে মহাকাশে পাঠানো হয়েছে।
এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে খবর।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর সঙ্গে করা বিভিন্ন সরকারি চুক্তি বাতিল করে দেবেন তিনি। অথচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ ও মালপত্র পাঠাতে নাসার একমাত্র ভরসা স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট।নাসা বলেছে,ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনাতেও স্পেসএক্সের রকেটের ওপরই নির্ভর করছে তারা।









