
রাজস্থানের কোটায় ফের নিট পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।দু’বছর ধরে কোটায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন ওই ছাত্র।
ঝাড়খণ্ড থেকে কোটায় পড়তে গিয়েছিলেন তিনি। থাকতেন হস্টেলে। ছাত্রের পরিবার জানিয়েছে, বুধবার থেকে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তাই তড়িঘড়ি হস্টেলে ফোন করেন ছাত্রের বাবা-মা।এরপরেই তাঁর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু হয়। কিন্তু সাড়া মেলেনি।হস্টেলের ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দাদাবাড়ির স্টেশন হাউস অফিসার নরেশ মীনা বলেছেন, ওই ছাত্র নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়তেন। কিন্তু এই বছর পরীক্ষা দিয়েছিলেন কিনা, দিলে কেমন রেজাল্ট করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবারও সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।এক্ষেত্রে হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।এই নিয়ে চলতি বছরে কোটায় ১২ জন ছাত্রের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে।








