
ইরানের নতুন ধর্মীয় সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেইয়ের মাথার দাম ঠিক করে ফেলল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে,মোজ়তবা কোথায় আত্মগোপন করে আছেন, সেই খবর দিতে পারলে পুরস্কৃত করা হবে।
সেই পুরস্কারের অঙ্কও ঘোষণা করেছে তারা। শুধু মোজ়তবাই নন, ইরানের রেভলিউশনারি গার্ড কোর ,আইআরজিসি-এর বেশ কয়েক জন শীর্ষকর্তার বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করা হয়েছে।এক বিবৃতি জারি করে আমেরিকার তরফে জানানো হয়েছে, আইআরজিসি-র মাথাদের খোঁজ চালানো হচ্ছে।এই মাথাগুলিই বিশ্বে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। যদি কারও কাছে আইআরজিসি-র এই সব নেতার খবর থাকে,তা হলে আমেরিকাকে তাঁরা জানান। যাঁরা এই খবর দিতে পারবেন,তাঁদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। শুধু মোজ়তবারই মাথার দাম স্থির করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার,ভারতীয় মুদ্রায় ৯২.৪৭ কোটি।ওই বিবৃতিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজ়তবা, সর্বোচ্চ নেতার দফতরের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজ়াই, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি-সহ বেশ কয়েক জন শীর্ষকর্তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আইআরজিসি-র যাঁদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাঁদের ১০ জনের মধ্যে ছ’জনের ছবি প্রকাশ করা হয়েছে।বাকি চার জনের নাম প্রকাশ করা হলেও ছবি না-থাকার কারণে সেগুলি প্রকাশ করা যায়নি বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।





