
বিয়ের আসরে গানবাজনা, নাচ কিংবা বর-কনের আংটি বদল তো দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি আচমকা বানিয়ে ফেলা হয় কুস্তির রিং আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে কেমন হবে?
ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন। প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই,যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাঁকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বর-কনে অত্যন্ত নাটকীয়ভাবে রিংয়ে প্রবেশ করছেন এবং আমন্ত্রিত অতিথিরা উল্লাসে ফেটে পড়ে নিজেদের ফোনে সেই মুহূর্ত ধারণ করছেন। শুধু বর-কনেই নন, তাঁদের রেসলার বন্ধুরাও এ রোমাঞ্চকর আয়োজনে যোগ দিয়ে নানা ধরনের চমৎকার কুস্তির কৌশল প্রদর্শন করেছেন। বেশ কয়েক রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত রাউন্ডে বরকে কুপোকাত করে জয় ছিনিয়ে নিয়েছেন কনে। রেফারি যখন কনেকে বিজয়ী ঘোষণা করে বরকে পরাজিত হিসেবে ঘরকন্নার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।



