সাংবাদিক হত্যায় ধৃতদের মধ্যে মৃতের ভাইও

0
162
ছবি সৌজন্যে : এক্স

ছত্তীসগঢ়ে সাংবাদিক মুকেশ চন্দ্রকরের খুনের ঘটনায় ধৃত তিন জনের মধ্যে এক জন নিহতের ভাই রীতেশ চন্দ্রকর। এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিক খুনে মৃতের ভাইয়ের যোগ থাকার ঘটনা তদন্তে উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকেশের খুড়তুতো ভাই রীতেশ। গত ১ জানুয়ারি রাতে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের সঙ্গে মুকেশের একটি বৈঠকের আয়োজন করেছিলেন তিনি। বৈঠকের পর থেকেই ফোন বন্ধ হয়ে যায় মুকেশের। আর বাড়িও ফেরেননি ওই সাংবাদিক। মুকেশের দাদা যুকেশও পেশায় সাংবাদিক। তাঁর অভিযোগ, সম্প্রতি ওই ঠিকাদারের ১২০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এনেছিলেন তাঁর ভাই। এ জন্যই খুন হতে হয়েছে তাঁকে। মুকেশের পরিবারের দাবি, দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকে তাঁকে নিয়মিত হুমকির মুখে পড়তে হয়েছিল। কিন্তু সত্যকে প্রকাশ্যে আনার কাজ চালিয়ে যাচ্ছিলেন মুকেশ। জানা গিয়েছে, খুড়তুতো ভাই রীতেশের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল নিহত সাংবাদিকের। কিন্তু ঠিকাদারের দুর্নীতি প্রকাশ্যে আনার পর থেকেই দু’জনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। মুকেশ-হত্যায় ধৃতদের মধ্যে রয়েছেন দীনেশ নামে এক যুবক। তিনিও মুকেশদের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, মুকেশের দেহ লোপাটে সাহায্য করার জন্য ওই ঠিকাদারের এক কর্মী মহেন্দ্র রামটেকেকেও গ্রেফতার করা হয়েছে। তবে ঠিকাদার সুরেশ এখনও ফেরার। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।