শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতার, শুরু হতে পারে ১২ ফেব্রুয়ারি

0
236
ছবি সৌজন্যে : নিজস্ব
সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। যা চলবে দু’সপ্তাহ পর্যন্ত, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল, তাঁর বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেই ভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। ৭ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু হয়েছিল। কিন্তু নবান্নে কর্মরত অর্থ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, যে হেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখেশুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এ ছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন, এমনটাই চান মুখ্যমন্ত্রী।রাজ্য প্রশাসনের একাংশের কথায়, এ বারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।
এ ছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার  বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই হাতে একটু বাড়তি সময় নিয়েই ২০২৫-২৬ সালের বাজেট তৈরি করছে অর্থ দফতর।