শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দাফন খামেনির

0
28
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হয়েছে। জানা গেছে, কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে তার দাফন। 

এদিকে ঘোষণার পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে আসবেন কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তিনি দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিনা নিশ্চিত করা যায় নি। যদি আসেন তবে সেটিই হবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকার সমন্বয়ে পরিচালিত একটি ইসরায়েলি হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। ওই হামলার পরই ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের সামরিক সংঘাত শুরু হয়।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যম দাফন অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। গত এক সপ্তাহ ধরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে তার অনুপস্থিতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ সময় পরিবারের প্রতিনিধিত্ব করেছেন তার ভাই মোস্তফা, মাসউদ ও মেইসাম খামেনি। এদিকে গত এক সপ্তাহে ইরানসহ দুই দেশের পাঁচটি শহরে লাখো মানুষ আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোক মিছিলে অংশ নেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে চলা রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় শোকসমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।