
ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে শোধরাতে এবার কেন্দ্র পরীক্ষা পদ্ধতির আয়োজন সংক্রান্ত পরামর্শ চেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে।নিট, নেট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-তে গলদ রয়েছে, স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি এবার কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে মতামত জানতে চেয়েছে পড়ুয়া এবং অভিভাবকেরা।এনটিএ-র শোধনের জন্য কেন্দ্র যে কমিটি গঠন করেছে, তার মাথায় রয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণ। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, বিজ্ঞান প্রভৃতি বিবিধ ক্ষেত্রের দক্ষ ব্যক্তিদের ওই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় ৪ জুন। তাতে দেখা যায়, ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মোট ৬৭ জন। এরপরেই নিটের এই ফলের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরে বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট পরীক্ষার পরের দিনই বাতিল ঘোষণা করা হয়। এনটিএ-র গলদ স্বীকার করে নিয়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেয় কেন্দ্র।








