সিএএ চালু করতে কেন্দ্রের এমপাওয়ার্ড কমিটি

0
51
ছবি সৌজন্যে : ফাইল

বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন বা, সি এ এ কার্যকর করার প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে এমপাওয়ার্ড কমিটি গঠনের কথা জানিয়ে দিয়েছে।

এই কমিটিই রাজ্যে সি এ এ-র আওতায় নাগরিকত্বের আবেদন খতিয়ে দেখে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নেবে। যার মোদ্দা অর্থ এখন একটাই, মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে যে আবেদনগুলি জমা পড়েছে, তাঁদের ভোটের আগেই নাগরিকত্ব দিয়ে দিতে চাইছে সরকার। উল্লেখ্য,তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরেই সি এ এ-র বিরোধিতা করে আসছে, আইনটিকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে।সেই অবস্থায় কেন্দ্রের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব নীতিশ কুমার ব্যাসের জারি করা নির্দেশে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬বি ধারা এবং নাগরিকত্ব বিধি, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান হিসেবে থাকবেন ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশনস, পশ্চিমবঙ্গের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এ ছাড়া বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারবেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অতিরিক্ত মুখ্যসচিবের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের মনোনীত প্রতিনিধি।