ছত্তীসগঢ়ের সাংবাদিকের পাঁজর ভেঙে বাইরে হৃৎপিণ্ড

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাঁজর ভেঙে ছিঁড়ে বার করে আনা হয় হৃৎপিণ্ড। ছত্তীসগঢ়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরের দেহের ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ্যে এসেছে নৃশংসতার এমনই চিহ্ন। ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ চাকরি জীবনে এই ধরনের নৃশংসতা তাঁরা আগে কখনও দেখেননি।

মুকেশ চন্দ্রকরের বুকের পাঁচটি পাঁজর ভাঙা ছিল। তাঁর লিভার টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাঁর মাথাতেও একাধিক হাড় ছিল ভাঙা। চিকিৎসকদের মতে, এই ধরনের হত্যাকাণ্ড এক জনের পক্ষে সম্ভব নয়। দুইয়ের বেশি মানুষ এই খুনের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে তাদের ধারণা। এই হত্যাকাণ্ডের তদন্ত করছে ছত্তীসগঢ় পুলিশের বিশেষ তদন্তকারী দল। ৩ জানুয়ারি ছত্তীসগঢ়ের বস্তারে স্থানীয় ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশ চন্দ্রকরের দেহ উদ্ধার করা হয়েছিল। ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।

জানা গিয়েছিল, দুর্নীতি মামলায় ঠিকাদার সুরেশ চন্দ্রকরের কারসাজি ফাঁস করে দিয়েছিলেন মুকেশ চন্দ্রক। তারপরেই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সুরেশ চন্দ্রকর পলাতক ছিলেন। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।