
অবসরগ্রহণের আগে রীতি মেনে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি দিয়ে তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খন্নার নাম প্রস্তাব করেছেন।
সাধারণত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরগ্রহণ করলে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি প্রধান বিচারপতি হন। কিন্তু বিদায়ী প্রধান বিচারপতি উত্তরসূরির নাম জানিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন, এটাই দস্তুর। গত সপ্তাহেই কেন্দ্রীয় আইনমন্ত্রক প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করার আর্জি জানিয়েছিল। এবার চিঠি দিয়ে বিচারপতি সঞ্জীব খন্নার নাম জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।১০ নভেম্বর অবসরগ্রহণ করছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তারপরেই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা বিচারপতি সঞ্জীব খন্নার। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খন্নার কার্যকালের মেয়াদ খুব একটা দীর্ঘ হবে না। ২০২৫ সালের ১৩ মে অবসরগ্রহণ করবেন তিনি।দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু সঞ্জীব খন্নার।
পরে তিনি দিল্লি হাইকোর্টের আইনজীবী হন। ২০১৯ সালে বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।
