
বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। রবিবার দিল্লির রোহিনিতে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অতীশি মারলেনার পিতৃ-পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি।
এর প্রতিক্রিয়া দিতে এসে সোমবার কান্নায় ভেঙে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, তাঁর বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি দরিদ্র এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার শিশুকে শিক্ষা দিয়েছেন। এখন তাঁর বয়স ৮০ বছর। তিনি এখন গুরুতর অসুস্থ। সাহায্য ছাড়া এক পা হাঁটতেও পারেন না। রমেশ বিধুরি নির্বাচনে জয়ের স্বার্থে এমন নোংরা কাজ করলেন। একজন বৃদ্ধকে কুমন্তব্য করতে হল, এতটা নীচে নেমে গিয়েছেন তিনি। এই দেশের রাজনীতি এতটা নীচে নেমে যেতে পারে, তিনি কখনও ভাবেননি।রমেশ বিধুরির মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি বিরোধী দলগুলি। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, বিজেপি নেতারা নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে।
একজন মহিলা মুখ্যমন্ত্রীর অপমান দিল্লির মানুষ সহ্য করবে না। দিল্লির সমস্ত মহিলারা এর প্রতিশোধ নেবেন।
