
রাষ্ট্রপতিকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। ধর্নামঞ্চে ছবি দেখিয়ে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিআইবি-র পোস্ট করা ছবি দাবি করে সাংসদ জুন মালিয়া এবং মন্ত্রী বীরবাহা হাঁসদাকে ছবিটি দেখাতে বলেন মুখ্যমন্ত্রী।
সেই ছবিতে দেখা যাচ্ছে লালকৃষ্ণ আদবানির পাশের চেয়ারে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি বলছে রাষ্ট্রপতিকে নাকি তৃণমূল অপমান করেছে। কিন্তু ছবি তো অন্য কথা বলছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে রাজ্য সরকার পার্টি ছিল না। উদ্যোক্তারা কিছুই জানায় নি। যেখানে অনুষ্ঠান হয়েছে সেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতাধীন এলাকা। অমিত শাহ এসেও ওখানেই অনুষ্ঠান করেছিলেন। তাও রাজ্যকে দোষারোপ করছে। মুখ্যমন্ত্রীর দাবি ভোটের আগে এসব বলে পশ্চিমবঙ্গকেই অসম্মান করার জন্য এসব করা হয়েছে। রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়েছিল সংগঠনের এই কর্মসূচি আয়োজন করার ক্ষমতা নেই। পরে রাষ্ট্রপতিই নিজে সিদ্ধান্ত নিয়েছেন আসার।
রাষ্ট্রপতিকে রাজ্য সরকারের তরফে কেউ রিডিস করে নি এই অভিযোগও উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি করেছেন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার। মথুরাপুরের সভা থেকে একই ছবি দেখিয়ে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।





