
বিহার নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক করবে কমিশন। বিহারের সীমান্তবর্তী ৪ রাজ্যের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
বিহার ছাড়াও, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের সঙ্গে বৈঠক করবে কমিশন। সেই বৈঠকে মুখ্যসচিব সহ ইডি, সিবিআই এবং অন্যান্য সংস্থার উচ্চপদস্থ পদাধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। কোথা কী বাজেয়াপ্ত হচ্ছে তা ২৪ অক্টোবরের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে নগদ টাকা, মাদক, মদ ও অন্যান্য প্রলোভনের অবাধ যোগান রুখতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদনে কমিশনের পক্ষ থেকে এক উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির শীর্ষ আধিকারিকরা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় নগদ, মাদক বা অন্য কোনও প্রলোভনমূলক উপায়ে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা যাতে রোখা যায়, তার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।






