
হার্ট থেকে লিভার, মস্তিষ্ক থেকে ত্বক, শরীরের প্রায় সব গুরুত্বপূর্ণ অঙ্গের সুস্থতায় দারুণ উপকারী তিসির বীজ। ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ এই ছোট্ট দানাগুলো সত্যিই একটি সুপারফুড।
হৃদরোগের ঝুঁকি কমানো, হজমশক্তি বাড়ানো, কোষ্ঠকাঠিন্য দূর করা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন কমাতে সহায়তা করা থেকে শুরু করে ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে তিসির সুনাম বহুদিনের।তবে এত গুণ থাকা সত্ত্বেও যদি সঠিকভাবে শরীর তা গ্রহণই না করতে পারে, তাহলে উপকার মিলবে কিভাবে? বলা হয়,অনেকেই তিসি খাওয়ার ভুল পদ্ধতির কারণে এর পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন। কারণ গোটা তিসি খোলস-সহ খেলে তা সহজে হজম হয় না এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না। ফলে খাওয়া হলেও আসল লাভ পাওয়া যায় না।পুষ্টিবিদদের মতে, তিসি খাওয়ার সঠিক উপায় হলো দানা গুঁড়ো করে নেওয়া। মিক্সার গ্রাইন্ডারে তিসি পিষে নিলে বাইরের শক্ত খোলস ভেঙে যায় এবং ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবার শরীরে অনেক ভালোভাবে শোষিত হয়।
চাইলে দোকান থেকে তিসির গুঁড়ো কিনতে পারেন, অথবা গোটা তিসি এনে বাড়িতেই পিষে নিতে পারেন। প্রতিদিন ১–২ টেবিল চামচ তিসির গুঁড়ো দই,ওটমিল বা স্মুদির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। চাইলে শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। তিসির গুঁড়ো বায়ুনিরোধক পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন তা টাটকা থাকবে।









