
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা বিজেপির এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। তদন্তভার দেওয়া হয়ে অপরাধদমন শাখাকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
দিল্লি পুলিশের ডিসিপি অপরাধ সঞ্জযকুমার সইন জানিয়েছেন, অপরাধদমন শাখার ইন্টারস্টেট সেল এই ঘটনার তদন্ত করবে। এসিপি রমেশ লাম্বার নেতৃত্বাধীন দলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথিপত্র হাতে পেয়ে গিয়েছে অপরাধদমন শাখা। শীঘ্রই তারা তদন্ত শুরু করবে। সংসদে আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে রাহুলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা। সংসদের মকর দ্বারের কাছে বিজেপি সাংসদদের সঙ্গে তাঁরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন, যা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়েছিল।
এই সময়ে ধাক্কাধাক্কিতে পড়ে চোট পেয়েছিলেন বিজেপির বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুত। তারপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
