
বাম আমলে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে একদিনও কর্মদিবস নষ্ট করতে দেয়নি। বাংলায় এখন আর বনধ হয় না।
তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বনধের বিরোধী। তাঁর মতে, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের জোরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট। মুখ্যমন্ত্রীর দাবি, এখন শিল্পপতিদের গন্তব্য বাংলা। রাজ্যে একের পর এক কারখানা হচ্ছে, বহু শিল্পপতি এখানে শিল্প স্থাপনের আগ্রহ দেখাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যে ছ’টি করিডর তৈরি হচ্ছে। যাঁরা বলছে বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, তাঁরা ভুল বলছে। হাওড়া থেকে দুর্গাপুর গেলে রাস্তার দু’ধারে চোখে পড়বে উন্নয়নের ছবি—কত শিল্প সংস্থা এসেছে, কত কাজ হয়েছে।
শিল্পপতিদের উদ্দেশে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও সমস্যা হলে মুখ্যসচিব, শিল্পসচিব, হিডকো—সবাই আছেন।






