
১৬ ঘণ্টার অপ্রতিরোধ্য লড়াইয়েও শেষ রক্ষা হল না। শনিবার ১৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া মধ্যপ্রদেশের বছর দশেকের বালক সুমিতের মৃতদেহ উদ্ধার হয়েছে।
মধ্যপ্রদেশের গুণা জেলার জানজালি এলাকায় একটি কুয়োয় পড়ে যায় দশ বছরের বালক সুমিত। জানা যায়, প্রায় ৩৯ ফুট গভীরে আটকে যায় সুমিত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় এসডিআরএফ ও এনডিআরএফ এবং পুলিশের দল। বালকের সুরক্ষা নিশ্চিত করতে গর্তে অক্সিজেনের পাইপ পাঠানো হয়।প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে সন্ধ্যা ৬টা থেকে পুরোদমে উদ্ধারকার্য শুরু করা হয়। সারা রাত কাজ চলার পর রবিবার সকালে গর্তে নামেন উদ্ধারকারীরা। সাড়ে ৯টার নাগাদ সুমিতকে কুয়োকে থেকে বার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা পরীক্ষা করেন। পরে তাকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা।গুণার অতিরিক্ত পুলিশ সুপার মানসিং ঠাকুর বলেছেন, শনিবার বিকেল ৬টা থেকে উদ্ধারকার্য শুরু হয়। রবিবার সকালে তাকে উদ্ধার করা হয়। তবে জীবন যুদ্ধে জিততে পারল না সুমিত।
এই ঘটনার খবর ছড়াতেই রাজস্থানের তিন বছরের শিশুকে নিয়ে বাড়ছে উদ্বেগ। তাকে বের করে আনার লড়াই এখনও চলছে সমানভাবে। একাধিক বাধার সম্মুখীন হয়েও হাল ছাড়েনি উদ্ধারকারীরা। প্রার্থনায় দেশবাসী।
