
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে সাত জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজবাগের জোদ ঘাটি গ্রামে এই মেঘ ভাঙা বৃষ্টি হয়।
এর ফলে গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কিছু জায়গা ও সম্পত্তির ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি যৌথ দল অনেক চেষ্টার পর ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয়।
এছাড়াও, কাঠুয়া থানা এলাকার বাগার্দ ও চ্যাংদা গ্রামে এবং লখনপুর থানা এলাকার দিলওয়ান হাটলিতে ভূমিধসের ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির কারণে উঝ নদীর জল বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দেরকে নিজেদের নিরাপত্তার জন্য জলাশয় থেকে দূরে থাকতে অনরোধ করেছে।
