
রাজ্য প্রশাসনে কাজের গতি বাড়াতে এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় জোরদার করতে সোমবার সন্ধ্যায় আলিপুর সৌজন্য সভাগৃহে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে খবর, বিভিন্ন দফতরের মধ্যে সম্পর্ক মজবুত করা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্র-রাজ্য টানাপড়েনের কারণে প্রশাসনিক স্তরে যে দূরত্ব তৈরি হয়েছিল, তার জেরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে সমস্যা দেখা দিয়েছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে সব কেন্দ্রীয় সামাজিক প্রকল্প চালু করা হবে। সেই লক্ষ্যেই দুই সরকারের আধিকারিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে বর্তমান প্রশাসন।
পাশাপাশি, প্রশাসনের অন্দরে দীর্ঘদিন ধরে চলা চাপ ও ভীতির পরিবেশ দূর করে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতেও সক্রিয় মুখ্যমন্ত্রী।






