
উত্তরপ্রদেশে বিয়ের আগে স্কুল শিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। ক্ষেত থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে।
অভিযুক্তের শরীরও পুড়ে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকের অবস্থাও আশঙ্কাজনক।জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল যাওয়ার সময় তরুণীর পথ আটকে দাঁড়ান ওই যুবক। তাঁর সঙ্গে কথা বলতে চান। তরুণী রাজি না হলে তাদের মধ্যে বচসা শুরু হয়। তার মাঝেই তরুণীর গায়ে পেট্রল ঢেলে যুবক আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ। আর তা করতে গিয়ে তিনি নিজেও পুড়ে যান। তরুণী চিৎকার করলে তা শুনে স্থানীয়েরা ছুটে আসেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দগ্ধ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন যুবক। প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন। অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার চটে যান যুবক। তারপরেই এই চরম পদক্ষেপ করেন।
