
১৮০টির বেশি সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করা ব্রিটেনে বসবাসরত মার্কিন স্পার্মদাতা রবার্ট চার্লস অ্যালবন ওরফে জো ডোনার, এবার আইনি ঝামেলায় পড়েছেন। ব্রিটিশ আদালত তাঁকে অনিয়ন্ত্রিত স্পার্ম দানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
রিপোর্ট অনুযায়ী, রবার্ট অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চীন থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশে স্পার্ম দান করেছেন বলে দাবি করেছেন। তবে এক দম্পতির শিশুর ওপর পিতৃত্বের অধিকার দাবি করে আদালতে মামলা ঠুকে দিলে নিজেই বিপাকে পড়েন তিনি।কার্ডিফের পারিবারিক আদালতের বিচারক জনাথন ফার্নেস কেসি রায়ে বলেছেন, মহিলাদের অনিয়ন্ত্রিত স্পার্ম দানের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করা দরকার, বিশেষ করে রবার্ট অ্যালবনের মতো ব্যক্তিদের কাছ থেকে।মামলাটি ছিল এক সমকামী মহিলা দম্পতির সন্তানকে কেন্দ্র করে। তাঁরা সিরিঞ্জের মাধ্যমে রবার্টের স্পার্ম ব্যবহার করে গর্ভধারণ করেছিলেন। কিন্তু পরে রবার্ট দাবি করেন, তিনি শিশুটির জৈবিক মায়ের সঙ্গে গোপনে শারীরিক সম্পর্ক করেছিলেন।বিচারক এই দাবি প্রত্যাখ্যান করেন।রবার্ট শিশুটির পিতৃত্বের অধিকার, বার্থ সার্টিফিকেটে নিজের নাম অন্তর্ভুক্তি এবং শিশুর নাম পরিবর্তনের আবেদন করেন।এমনকি শিশুটির মা-এর সঙ্গীকে পিসি হিসেবে পরিচিত করারও দাবি করেন। মামলাটি দু’ বছরেরও বেশি সময় ধরে চলে,যা ওই দম্পতির মানসিক চাপে তাঁদের সম্পর্কের ভাঙনের কারণ হয়।
বিচারক তাঁর রায়ে বলেছেন,রবার্ট দাবি করেন, শিশুর কল্যাণ চান। কিন্তু বাস্তবে তিনি সম্পূর্ণ স্বার্থপর।তিনি আরও বলেছেন,মহিলা ও শিশুদের পণ্য হিসেবে দেখেন রবার্ট এবং নিজের সন্তান সংখ্যা বাড়ানোর জন্য বিশ্বজুড়ে স্পার্ম দান করে চলেছেন।
