
বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরি। বুধবার বেলা ১১টা নাগাদ পাটনার রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন সে রাজ্যের রাজ্যপাল সৈয়দ আটা হাসনাইন। এই প্রথম বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের শাসকজোটের দুই বৃহত্তম শরিক বিজেপি এবং জেডিইউ-র নেতারা। মাঝের কিছু সময় বাদ দিলে দু’দশকেরও বেশি সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ জেডিইউ নেতা নীতীশ কুমার।
সম্রাট মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় দীর্ঘ নীতীশ জমানার অবসান হয়েছে। ৫ মার্চ নিজেই প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাঁর আগামী রাজনৈতিক জীবনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন নীতীশ কুমার। ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসাবে শপথগ্রহণ করেন তিনি। মঙ্গলবার বেলা ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবারই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেষ বারের মতো বৈঠক করেন তিনি। তার পরেই রাজভবনে গিয়ে ইস্তফা দেন নীতীশ।







