
জাতীয় কার্যকরী সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর প্রথম কর্মসূচি করলেন বিজেপির নীতিন নবীন। দলের দায়িত্বগ্রহণের পর প্রথম বিহারের পাটনায় রোড শো করলেন তিনি।
দলের জাতীয় কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ার পরে এটি তাঁর প্রথম রাজ্য সফর। ৪৫ বছর বয়সে দলের সর্বকনিষ্ঠ নির্বাচিত কার্যকরী সভাপতি নীতিন নবীন। পাশাপাশি তিনি বিহার মন্ত্রিসভায় সড়ক নির্মাণ মন্ত্রীর হিসাবেও দায়িত্ব পালন করছেন। সূত্রের খবর, দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিহারের দলীয় কার্যালয়ের অটল অডিটোরিয়ামে বিজেপি সাংসদ, বিধায়ক এবং রাজ্য দলের কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বিজেপি সাংসদদের প্রথম বৈঠকে সভাপতিত্বও করবেন তিনি। জানা যাচ্ছে, সাংসদ খেল মহোৎসবকে সফলভাবে আয়োজনের কৌশল চূড়ান্ত করার ওপর বৈঠকে আলোচনা হবে। বৈঠক চলাকালীন নীতিন নবীনকে অনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হবে দলের সব সাংসদদের সঙ্গে।
