
দুর্গাপুজো বেশ খানিকটা দেরি, তার আগে মুম্বইয়ের গণেশ পুজোর সেই উচ্ছ্বাস মিলবে কলকাতার কাছে কাঁকিনাড়ায়।
হালফিলে কলকাতায় গণেশপুজোর রমরমা হলেও বাংলার এই জায়গায় দীর্ঘদিন ধরেই মহা ধুমধামে গণপতির আরাধনা হয়ে আসছে। বিভিন্ন গলিতে থিম পুজোর ছড়াছড়ি। এখানকার মানুষজন রাত জেগে গণপতি ঠাকুর দেখেন দুর্গাপুজোর মতই। এবছর তিরুপতি বালাজির মন্দির করে তাক লাগিয়েছে কাঁকিনাড়ার যুবক সংঘ। গত বছর আদি যোগি থিমে চমক দিয়েছিল এঁরা। অন্যদিকে রেল স্টেশনের কাছে একতা সংঘের পুজোর থিম ময়ূরলোক। গণেশের সঙ্গে দেবী দুর্গার দেখা মিলবে জাগৃতি সংঘের পুজোয়।এবার তাদের থিম রাজস্থানের দুর্গামন্দির। কাঁকিনাড়া ৬ নম্বর গলি গ্রাউন্ডের এবারের থিম ধুলো ঠাকুর। মাটির হাঁড়ি এবং ঘণ্টা দিয়ে সাজানো হয়েছে পুজোমণ্ডপ। ৯ নম্বর গলির ছাত্র সংঘের পুজোর থিম বদ্রীনাথ। এদিকে মঙ্গলবার বিকেলে কাঁকিনাড়ায় ইউথ ফেডারেশনের পুজো উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। পানিহাটি এবং কলকাতায় গণেশপুজোর উদ্বোধন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু কাঁকিনাড়া নয়, গণেশ পুজোয় সেজে উঠেছে কলকাতার বিভিন্ন অঞ্চল। পিছিয়ে নেই তৃণমূলও।
সল্টলেকের যুবক সংঘের গণেশপুজোর উদ্বোধন করেছেন ফিরহাদ হাকিম এবং চিত্র পরিচালক গৌতম ঘোষ।








