অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৪৭

0
22
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

লাগাতার বৃষ্টি ও নদনদীর জলস্ফীতিতে অসমের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তথ্যানুযায়ী, রাজ্যে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে, যার মধ্যে শেষ ২৪ ঘণ্টাতেই ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উত্তর-পূর্বের এই রাজ্যের ১১টি জেলা জুড়ে বর্তমানে বন্যাপ্লাবিত ও দুর্গত মানুষের সংখ্যা ৭ লাখ ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে শিবসাগর জেলায়। রাজ্যের অধিকাংশ জায়গায় অব্যাহত টানা বৃষ্টির ফলে দুর্যোগ আরও ঘনীভূত হওয়ার চরম আশঙ্কা করছেন আধিকারিকরা। আসামের বেশ কয়েকটি প্রধান নদী বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

বিপর্যস্ত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই ২৪ হাজারের বেশি দুর্গত মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির উদ্যোগে দুর্গতদের আশ্রয় ও সহায়তার জন্য রাজ্যজুড়ে ১০০টিরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। এদিকে, আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে শনিবার মূলত মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি থাকলেও এই দু’দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়ার রূপ বদলাবে রবিবার থেকে।