
যুবভারতী স্টেডিয়ামে ফুটবলার মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত শুরু করেছে চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
মঙ্গলবারই রাজ্য পুলিশের চার কর্তাকে নিয়ে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। টিমে আছেন পীযূষ পান্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলিধর শর্মা। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে যুবভারতীতে যান তাঁরা। এর পরে যান বিধাননগরের সিপির অফিসে। ডিসি অনীশ সরকারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে তাঁকে। একই সঙ্গে সার্বিক তদন্তও এগোবে। সেই তদন্ত করবে চার সদস্যের সিট। সেই মতোই বুধবার সকালে যুবভারতীতে যান জাভেদ শামিমরা। বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তাঁরা। কী ভাবে ১৩ তারিখ এত বড় অব্যবস্থা হলো, কী ভাবে মেসির চারপাশে এতজন ঢুকলেন, কী ভাবেই বা স্টেডিয়াম ভাঙচুরের মতো ঘটনা ঘটল, সব দিকই তাঁরা খতিয়ে দেখবেন বলে সূত্রের খবর।
১৩ ডিসেম্বর যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তা শুধু লজ্জাজনকই নয়, নজিরবিহীনও বটে। সেই ঘটনায় মঙ্গলবারই বেনজির পদক্ষেপ করেছে সরকার।





