
ইন্ডিগো বিপর্যের পর লাফিয়ে লাফিয়ে বিমান ভাড়া বাড়িয়েছিল অন্যান্য বিমান সংস্থাগুলি। যাত্রীদুর্ভোগের কথা মাথায় রেখে তা নিয়ন্ত্রণ করতে পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার।
বিমান ভাড়া বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কিন্তু সারা বছর সরকার এ ভাবে বিমান ভাড়া নিয়ন্ত্রণ করতে পারে না। উৎসবের মরসুমে বাড়বেই,শুক্রবার লোকসভায় বিমান ভাড়া নিয়ে আলোচনায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু।দেশের বিমান ভাড়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা হয়। সেই আলোচনায় কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানান, অস্থির পরিস্থিতিতে বিমান ভাড়া বেঁধে দেওয়ার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু সারা বছরের জন্য কেন্দ্রীয় সরকার বিমান ভাড়া বেঁধে দিতে পারে না। সাধারণত, উৎসবের মরসুমে টিকিটের দাম বেড়ে যায়।বিমান পরিবহণ ব্যবস্থা নিয়ন্ত্রণমুক্ত করার নেপথ্যে মূল কারণই ছিল এই ক্ষেত্রে আরও বেশি সংস্থা যাতে যোগ দেয়, লোকসভায় এমনই জানান কেন্দ্রীয় বিমানমন্ত্রী। তাঁর কথায়, যদি অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে প্রকৃত বিকাশ চাই, তবে আমাদের প্রথম এবং প্রধান প্রয়োজন এটিকে নিয়ন্ত্রণমুক্ত রাখা।
পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, তার অর্থ এই নয় যে বিমান সংস্থাগুলি পুরোপুরি স্বাধীন। প্রয়োজনে হস্তক্ষেপ করার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে কেন্দ্রের। সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই কোনও বিশৃঙ্খল পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া নিয়ন্ত্রণ করে সরকার।









