
শীতকালীন অধিবেশন সংসদে ১৪টি বিল পেশের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এদিকে, সোমবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন। ঠিক এক দিন আগে রবিবার সংসদ ভবনে ডাকা হয়েছিল সর্বদল বৈঠক।
সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ঘিরে রাজনৈতিক লড়াইয়ের আঁচ মিলেছে বৈঠক থেকেই। নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি জানিয়েছে বিরোধী শিবির। আর সরকার জানিয়েছে তাদের আইনপ্রণয়নের অগ্রাধিকারের কথা। বৈঠকে বিরোধী দলগুলি বিশেষ গুরুত্ব দিয়েছে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা, দিল্লি বিস্ফোরণ, বিদেশনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলিকে। সরকার পক্ষ জানায়, সংক্ষিপ্ত অধিবেশনেও তারা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পেশ করতে চায়।
এর পরেই কংগ্রেসের অভিযোগ, সংসদীয় অধিবেশন ইচ্ছাকৃতভাবেই খর্ব করে পার্লামেন্ট অকেজো করার পথে যাচ্ছে কেন্দ্র। বৈঠকের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈর সুর চড়া বলেছেন, এই শীতকালীন অধিবেশন কার্যত ১৫ দিনের। এটাই সম্ভবত সবচেয়ে ছোট অধিবেশন। সরকার নিজেই যেন সংসদীয় রীতি-নীতি কবর দিতে চাইছে।
