
হায়দরাবাদের কুকাটপল্লীর এক নামি পাবে গভীর রাতে ফিল্মি কায়দায় অতর্কিতে হানা দেয় পুলিশ। এই গোটা অপারেশনের নেপথ্যে ছিলেন একজন তরুণী আইপিএস অফিসার। তাঁর বুদ্ধিতেই পর্দাফাঁস হয়েছে ক্লাবের আড়ালে চলা অপরাধের এক অন্ধকার সাম্রাজ্যের।
জানা গেছে সাতসকালে কুকাটপল্লীর ,কিংস অ্যান্ড কুইন্স পাব-এ হানা দেয় সাইবারাবাদ পুলিশের একটি বিশেষ দল। এই গোটা দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন ২০১৮ ব্যাচের তেলঙ্গনা ক্যাডারের আইপিএস তথা কুকাটপল্লীর ডিসিপি রিতী রাজ। তবে অভিযানের আগে কোনও তাড়াহুড়ো নয়, নিজেই ছদ্মবেশে বা গোপনে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তিনি। খবর পাকা হতেই চলে অতর্কিত এই হানা। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এই নামী পাবটিকে নিয়ে গোপন সূত্রে নানা খবর আসছিল। এরপরই ময়দানে নামেন ডিসিপি রিতী রাজ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইনের তোয়াক্কা না করেই পাবটিতে একাধিক বেআইনি কাজ চলছিল।
অভিযোগ, মহিলাদের ব্যবহার করে পুরুষ গ্রাহকদের আকৃষ্ট করা হত। শুধু তাই নয়, জোর করে বড় অঙ্কের বিল বানিয়ে অন্যায়ভাবে টাকা আদায় করা হত এবং সেখানে দেহব্যবসার মতো অনৈতিক কাজও চালানো হচ্ছিল। পুলিশের রেকর্ড বলছে, এই পাবটির বিরুদ্ধে ২০২৫ সালেও একাধিক অপরাধমূলক মামলা দায়ের হয়েছিল। কিন্তু তাতেও তাদের টনক নড়েনি। এই অভিযানের পর পাব থেকে ৪ জন মহিলা এবং ৫ জন পুরুষ কর্মী-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হায়দরাবাদের কেপিএইচবি থানায় নিয়ে যাওয়া হয়েছে। নতুন একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
