
ভারত-মার্কিন প্রস্তাবিত বাণিজ্যচুক্তির রূপরেখা নিয়ে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো-র সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ওই বৈঠকের পরেই ওয়াশিংটন জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর,বৈঠকে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন জয়শঙ্কর ও রুবিয়ো। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট , আসিয়ান এবং কোয়াড বিদেশমন্ত্রী সম্মেলনের পার্শ্ববৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পরে জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের বৈঠকে ভারত-আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত অংশীদারির ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য ও শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
আমরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় করেছি। অন্য দিকে, রুবিয়ো এক্স পোস্টে লিখেছেন,আমরা আঞ্চলিক নিরাপত্তা বিষয়, কোয়াড, বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছি। মার্কিন বিদেশ দফতর একটি পৃথক বিবৃতিতে লিখেছে,গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রুবিয়ো এবং জয়শঙ্কর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিগুলি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছেন। দু’জনেই অন্তর্বর্তিকালীন বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।
