শেয়ার বাজারে ধস, ১১ লাখ কোটি উধাও  

0
800

প্রফিট বুকিং ও কারেকশনের জেরে ব্যাপক ধস নেমেছে শেয়ার বাজারে।যার জেরে একদিনে প্রায় ১১ লাখ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। ভয়ঙ্করভাবে পড়েছে সেনসেক্স ও নিফটির গ্রাফ।

বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের গ্রাফ পড়েছে ১ হাজার ৭৬৯.১৯ পয়েন্ট। অর্থাৎ নামতে নামতে ৮২ হাজার ৪৯৭.১০ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৫৪৬.৮০ পয়েন্ট পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার বন্ধ হওয়ার সময়ে এর শেয়ার সূচক নিফটি-৫০ দাঁড়িয়ে যায় ২৫ হাজার ২৫০.১০ পয়েন্টে।এদিন বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজারি মূলধন কমেছে প্রায় ১১ লাখ কোটি টাকা। ফলে তা ৪৬৫ লাখ কোটি টাকায় নেমে আসে। সেনসেক্সে থাকা সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ড টুর্বো এবং ভারতী এয়ারটেলের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে।অন্যদিকে, বিএসইতে একমাত্র ভাল পারফরম্যান্স করেছে জেএসডব্লু স্টিল ও টাটা স্টিল। তেল সংস্থাগুলির স্টকেও দেখা গিয়েছে বিরাট পতন। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের শেয়ারের দাম ৬ শতাংশ কমেছে।