
বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছেন, তাদের অধিকাংশই গার্মেন্টস শিল্প-শ্রমিক বলে মন্তব্য করেছেন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এই অনুপ্রবেশকারীদের বড় অংশই মুসলিম, হিন্দু নন- এই তথ্য বিএসএফের কাছ থেকে ইতিমধ্যেই পেয়েছে বলে দাবি করেছে বিবিসি। এখন আসামের মুখ্যমন্ত্রীও সেই একই কথা স্বীকার করেছেন ।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসামের মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা মন্তব্য করেছেন, বাংলাদেশে অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার ফলেই অনুপ্রবেশ বেড়েছে।তাঁর কথায়,বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে।এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন।পোশাক শিল্পেও বেশিরভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের ভারতে সংখ্যালঘু বলা হয়।
একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন,ভারতের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করছে।হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতে আসার চেষ্টা করছেন না, কারণ, মুখ্যমন্ত্রীর ভাষায়, তারা দেশপ্রেমিক।
