
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপর হামলার অভিযোগে আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। ইতিমধ্যেই গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বলে দাবি করেছেন সাবিত্রী মিত্র। উল্লেখ্য, গত শনিবার রাতে মানিকচক থেকে মালদহ শহরের দিকে যাওয়ার সময় একটি গাড়ি বিধায়কের গাড়িতে দু-দুবার ধাক্কা মারে বলে অভিযোগ। তাঁকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক। সাবিত্রীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বৈষ্ণবনগর থেকে গাড়ি মালিক মহম্মদ সানিজ আক্তারের খোঁজ মেলে।
তাঁর গাড়ি ভাড়া করে অন্যেরা এটা ঘটাতে পারে, তিনি কোনওভাবেই এতে যুক্ত নন বলে দাবি করেছেন সানিজ।
