বহরাইচের শেষ নেকড়েকে পিটিয়ে হত্যা গ্রামবাসীদের

0
141

উত্তরপ্রদেশের বহরাইচের ষষ্ঠ তথা শেষ নেকড়েটিকে ধরে ফেলেছেন গ্রামবাসীরা। তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে খবর।

ওই নেকড়েটি রাতে একটি ছাগল ধরতে গিয়েছিল। সেই সময় তাকে ধরে ফেলা হয়। সম্প্রতি বহরাইচের লোকালয়ে মানুষখেকো নেকড়ের একটি দল ঢুকে পড়েছিল। ওই দলে ছিল ছ’টি নেকড়ে। গত কয়েক মাস ধরে নেকড়ের আতঙ্কে ত্রস্ত হয়ে ছিল বহরাইচ। বন দফতর পাঁচটি নেকড়েকে ধরে। কিন্তু ষষ্ঠটি বাইরেই ছিল। দীর্ঘদিন ধরে নানা চেষ্টা করেও তাকে ধরা যায়নি। অবশেষে ওই নেকড়েটিকে ধরেন গ্রামবাসীরা। ধরে ফেলার পর বন দফতরের হাতে তুলে দেওয়ার আগেই পিটিয়ে তাকে মেরে ফেলা হয়। বহরাইচে কয়েক মাসে নেকড়ের হামলায় অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক মহিলা ছাড়া বাকি আট জনই শিশু। এছাড়া আহতের সংখ্যা ছিল ৫০-এর বেশি। প্রায় প্রতিদিনই গ্রামবাসীদের পোষা হাঁস-মুরগি-ছাগল মেরে নিয়ে যাচ্ছিল ওই নেকড়ের দল। পাঁচটি নেকড়ে ধরা পড়লেও ষষ্ঠটির জন্য আতঙ্ক ছিল গ্রামে।