
পশ্চিমবঙ্গের ফারাক্কায় শুরু হয়েছে ভারত – বাংলাদেশ ৯০তম যৌথ নদী কমিশনের বৈঠক। মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় শুরু হওয়া বৈঠকে গঙ্গার জল বণ্টন চুক্তি পর্যালোচনা করতে ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদীর জল প্রবাহ পরিদর্শন করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের , জেআরসি প্রতিনিধি দল।
দু’ দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার বোটে করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় গঙ্গা নদীতে ভারত-বাংলাদেশ জয়েন্ট অবজারভেশন সাইট-এ গিয়ে জল প্রবাহের বিষয়টি খতিয়ে দেখেন। গঙ্গার ডাউন স্ট্রিম ফরাক্কা বেনিয়া গ্রাম ঘাটপাড়া মেলার মাঠ সংলগ্ন অফিস থেকে ফরাক্কা ব্যারেজের জল প্রবাহ পর্যবেক্ষণের সাথে সাথে ভাগীরথী ও পদ্মা নদী জল বিভাজন স্থল পর্যন্ত জল প্রবাহের পরিমাণ পর্যবেক্ষণ করেন উভয় দেশের প্রতিনিধিরা।
গঙ্গা থেকে ফিরে এসে ফিডার ক্যানেলে ব্যারেজ সংলগ্ন স্টলে সেখানেও পর্যবেক্ষণ চালান উভয় দেশের প্রতিনিধিরা। কিন্তু পর্যবেক্ষণ বা জলপ্রবাহের পরিমাণ নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি কেউই। ভারতের প্রতিনিধি দলের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে এটি রুটিন পর্যবেক্ষণ ছাড়া আর কিছুই নয়। ভারত-বাংলাদেশ ৯০ তম যৌথ নদী কমিশনের বৈঠকের অংশ হিসাবেই উভয় দেশের প্রতিনিধি দল ফারাক্কা পরিদর্শন করেন। শুক্রবার বিকেলে কলকাতার ই এম বাইপাসের ধারে একটি হোটেলে দু’ দেশের প্রতিনিধি দলের বৈঠক রয়েছে।








