
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজগুলো হয় নি তার উল্লেখ করে আবারও মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করেছেন জুনিয়র ডাক্তাররা।
নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স এবং শক্তি টিম গঠন করে কলেজ চত্বরে টহল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও তা কার্যকর হয়নি। হাসপাতালগুলোয় নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত এসওপি বারবার চাওয়া সত্ত্বেও এখনও পাওয়া যায়নি। নিরাপত্তা নিয়ে রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন করা হলেও এখনও পর্যন্ত তার কোনও বৈঠক হয়নি। পাশাপাশি ডিজিটাল বেড ভ্যাকেন্সি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।
কিন্তু এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের তরফে কোনও বৈঠক ডাকা হয়নি। কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে গ্রিভ্যান্স সেলগুলো এখনও তৈরি হয়নি। ২১ তারিখে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল করেছেন জুনিয়ররা।








