
দিল্লিতে যমুনার তীরে নিগমবোধ ঘাটে মনমোহন সিং অমর রহে স্লোগান ও ২১টি গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী গুরবশণ কৌর, কন্যা দমন সিং এবং পরিবারের অন্য সদস্যরা।
শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেস নেতৃত্ব। নিগমবোধ ঘাটে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষও। সেখানে গান স্যালুটে বিদায় জানানো হয়েছে মনমোহন সিংকে। মনমোহন সিংয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন দেশের তিন বাহিনীর প্রধানও। দিল্লির বাসভবন থেকে কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছিল মনমোহন সিংয়ের মরদেহ। সেখান থেকে সকালে দিল্লির নিগমবোধ ঘাটে আনা হয়।নিগমবোধ ঘাটে যখন এসে পৌঁছয় মনমোহনের মরদেহ, সাদা ফুলের চাদরে মোড়া ছিল কফিন। এর পর একে একে পুষ্পার্ঘ নিবেদন করেন সকলে। জাতীয় পতাকায় মোড়া হয় মনমোহনের মরদেহ। এরপরই যমুনার তীরে নিগমবোধ ঘাটে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নশ্বর দেহ। মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
শেষযাত্রায় মনমোহন সিং-কে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই।





