প্রতীক যাদবের রহস্যমৃত্যু, প্রকাশ্যে ময়না তদন্তের রিপোর্ট 

0
25
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে করা প্রতীক যাদবের ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে।
রিপোর্টে তাঁর শরীরে ছয়টি ‘মৃত্যুর আগের আঘাত’ এর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে ফুসফুসে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, যার ফলে হার্ট এবং শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। ময়নাতদন্তে তাঁর বুকে, ডান হাতের নিচে, ডান হাতের কনুইয়ের নিচের অংশে, ডান কনুইয়ের জোড়ে এবং বাম কবজিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী, তিনটি আঘাত প্রায় ৫-৭ দিন পুরোনো, এবং বাকি তিনটি আঘাত প্রায় এক দিন পুরোনো ছিল। ৩৮ বছর বয়সী প্রতীকের উচ্চ রক্তচাপ ও পালমোনারি অ্যাম্বলিজমের চিকিৎসা চলছিল। আপাতত তার ভিসেরা, হৃৎপিণ্ড এবং জমাট বাঁধা রক্তের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রতীক যাদবের মৃত্যুতে ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে বিষক্রিয়ার সন্দেহ প্রকাশ করা হলেও, সেটি ফুড পয়জনিং নাকি অন্য কিছু, তা নিশ্চিত করতে তিন-চার দিনের অপেক্ষা করতে হবে। চিকিৎসকদের একটি বিশেষ প্যানেল এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করছে। কিছুদিন ধরেই প্রতীক অসুস্থ ছিলেন এবং লখনউয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হলে চিকিৎসকদের একটি দল তাঁর বাড়িতে যায় এবং দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে, কিন্তু শেষরক্ষা হয়নি।