
রুশ-ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে আক্রমণকারী রুশ গায়ক ভেদিম স্ট্রয়কিনের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গায়ক, লেখক, সঞ্চালক হিসেবে জনপ্রিয় হলেও রুশ প্রশাসনের কাছে ভেদিম স্ট্রয়কিনের ইমেজ খুব একটা ভালো ছিল না কখনই।
তিনি ছিলেন একেবারেই পুতিন-বিরোধী। ইউক্রেন যুদ্ধের সময় থেকে সেই বিরোধিতা একেবারে চরমে পৌঁছয়। সোশাল মিডিয়ায় লাগাতার পুতিন ও ক্রেমলিনের সমালোচনা করতে থাকেন ভেদিম। ২০২২ সালে একটি পোস্টে তিনি লেখেন, পুতিন নিজের দেশের লোকজন এবং ভাইয়ের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওকে ধরে জেলে দেওয়া হোক। যুদ্ধের সময় ইউক্রেনীয় সেনাকে সাহায্যের কারণে ২০ বছর জেলের সাজা হয়েছিল ভেদিমের। কিন্তু আত্মগোপন করে ছিলেন তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার তাঁরই খোঁজে সেন্ট পিটার্সবার্গের আবাসনে হানা দেয় পুলিশ।
মৃত্যুর ঠিক আগে ভেদিম নিজের ফ্ল্যাটের রান্নাঘরে গিয়ে জল খাচ্ছিলেন। তারপরই রান্নাঘরের জানলা দিয়ে পড়ে প্রাণ হারান। ফলে এই মৃত্যু কতটা স্বাভাবিক, তা নিয়ে সন্দিহান অনেকেই।








