
আর জি কর মামলার পরের শুনানি সেই মার্চে। মঙ্গলবার নতুন বেঞ্চ তৈরির পর শীর্ষ আদালতে শুনানি হয়েছে এই মামলার। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর জি কর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ১৭ মার্চ।
অর্থাৎ তিন মাস পর। এদিন আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলায় সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ট্রায়াল। এই মামলায় মোট সাক্ষী ৫১ জন। তারমধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়ে গিয়েছে। বাকি গুলিও শীঘ্রই শেষ হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিনই ট্রায়াল চলছে। সিবিআইয়ের তরফে যে তদন্ত চলছে তা মূলত তিনটি পথে চলছে, খুন ও ধর্ষণের মূল মামলা, তথ্যপ্রমাণ লোপাট ও আর্থিক দুর্নীতি। এই প্রেক্ষিতেই শুনানি চলার সময়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ডিএনএ রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট কোথায়।এছাড়াও এদিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী অনুরোধ জানিয়েছেন, রাজ্যের পদক্ষেপের উপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করা হোক। এ প্রসঙ্গে বিচারপতি জানিয়েছেন, চিকিসকদের যা বলার ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে বলুন। টাস্ক ফোর্সকে আদালত নির্দেশ দিতে পারে।এ বিষয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্সকে। সেখানে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা।
সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।একইসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
