
হলিউডের অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা,দ্য ওডিসি’র প্রথম প্রদর্শনী হয়ে গেল। হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমাটি দেখার পর সমালোচকেরা এটিকে নোলানের আরও একটি মাইলফলক সৃষ্টি এবং অনবদ্য নির্মাণ বলে অভিহিত করেছেন।
মুক্তির আগেই এটি বক্স অফিসে ঝড় তোলার সব লক্ষণ দেখাচ্ছে এবং চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, নোলান দর্শকদের জন্য আবারও এক অবিস্মরণীয় সিনেমা নিয়ে হাজির হয়েছেন।সমালোচকেরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। কলিডার-এর পেরি নেমিরফ একে সিনেমার এক মহাকাব্যিক ভোজ হিসেবে বর্ণনা করে বলেছেন, হোমারের মহাকাব্যকে নোলান তার নিজস্ব চেনা ঢঙে পর্দায় তুলে ধরেছেন। এত বড় ক্যানভাস, ব্যাপকতা আর আবেগের মিশ্রণে এই গল্প পর্দায় ফুটিয়ে তোলা নোলান ছাড়া পৃথিবীর আর কোনো পরিচালকের পক্ষে সম্ভব ছিল না। সেইসঙ্গে একে একটি বিস্ময়কর এবং দুর্দান্ত মহাকাব্য বলে আখ্যা দিয়েছেন।অন্যদিকে ফ্যানড্যাঙ্গোর এরিক ডেভিস সিনেমাটিকে আমাদের সময়ের অন্যতম সেরা পরিচালকের একটি মুকুটমণি হিসেবে বর্ণনা করেছেন।সিনেমার মূল চরিত্র ওডেসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স বলে মনে করা হচ্ছে। ট্রোজান যুদ্ধ শেষে ওডেসিয়াসের নিজের বাড়ি, স্ত্রী পেনেলোপি এবং পুত্র টেলেমেকাসের কাছে ফিরে আসার দীর্ঘ ও ভয়ংকর যাত্রার গল্পই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। ছবিতে খলচরিত্রে অভিনয় করে রবার্ট প্যাটিনসন এবং জন লেগুইজামো দর্শকদের মন কেড়েছেন। এ ছাড়া ছবিতে জেন্ডায়া, লুপিটা নিয়ংও এবং শার্লিজ থেরনের মতো তারকাদের এক বিশাল মেলা বসেছে।কারিগরি দিক থেকেও দ্য ওডিসি সিনেমা ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে। এটিই বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে।গত বছর টানা ৯১ দিন ধরে এই সিনেমার শুটিং চলেছিল এবং পরিচালক নোলান এর জন্য প্রায় ২০ লাখ ফুটেরও বেশি ফিল্ম ব্যবহার করেছেন।
এই মহাকাব্যকে বেছে নেওয়ার কারণ হিসেবে নোলান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হলিউডের বড় বাজেট এবং আইম্যাক্স প্রযুক্তির সাহায্যে এই পৌরাণিক গল্পকে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য উপায়ে পর্দায় নিয়ে আসার এক দারুণ সুযোগ তিনি দেখতে পেয়েছিলেন। আগামী ১৭ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নোলানের এই নতুন চমক।
