
পরবর্তী প্রজন্মের প্রযুক্তিতে তৈরি সৌরকোষ ব্যবহার করে ঘরের ভেতরের আলো থেকেই শক্তি আহরণের নতুন এক রেকর্ড স্থাপনের দাবি করেছেন গবেষকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ বা ইউসিএল-এর বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষকদের একটি দল বলেছে, তাদের এ সাফল্য এমন এক ভবিষ্যতের পথ দেখাবে,যেখানে রিমোট কন্ট্রোল বা হেডফোনের মতো বিভিন্ন ডিভাইস কেবল আশপাশের আলো থেকেই শক্তি নিয়ে চলবে, আলাদা করে ব্যাটারির প্রয়োজন হবে না।
উল্লেখ্য পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য সুপরিচিত পেরোভস্কাইট। এর অসাধারণ নানা বৈশিষ্ট্য রয়েছে।যার ফলে এটি প্রচলিত সিলিকন সৌরকোষের তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে আলোকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। এদিকে গবেষকরা এই পেরোভস্কাইট নিয়েই গবেষণা করেছেন।পেরোভস্কাইট সৌরকোষগুলো কম খরচে ও সহজেই উৎপাদন করা যায়। তবে এর মধ্যে উচ্চ ঘনত্বের ট্র্যাপ বা দাগ বা ফাঁদ থাকার কারণে তা চার্জের নিরবচ্ছিন্ন প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে ও তাপ হিসাবে শক্তির অপচয় করতে পারে।এ সমস্যার সমাধানে পেরোভস্কাইটে,রুবিডিয়াম ক্লোরাইড নামের এক রাসায়নিক অ্যাড করে এসব ট্র্যাপের ঘনত্ব কমাতে পেরেছে ইউসিএল-এর গবেষণা দলটি। ফলে ইনডোর লাইট বা ঘরের ভেতরের আলো থেকে শক্তি সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন তারা।
নতুন এসব সৌরকোষের পরীক্ষায় দেখা গিয়েছে, এগুলো ঘরের ভেতরের আলো থেকে ৩৭.৬ শতাংশকে বিদ্যুতে রূপান্তর করতে পারে।একইসঙ্গে একশ দিন পরও ৯০ শতাংশের বেশি কর্মসক্ষমতা ধরে রাখতে পেরেছে এসব কোষ।









