
ষষ্ঠ দফায় ছ’টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে গড় ভোটদানের হার ৬৩.৩৭ শতাংশ।এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার রাত ১১টা ৪৫ পর্যন্ত ভোটদানের হারের যে তথ্য কমিশন প্রকাশ করেছিল, তার সঙ্গে এই হিসাবের পার্থক্য রয়েছে। দেখা যাচ্ছে, কমিশনের হিসাবে দেশে ২ শতাংশের বেশি ভোট বেড়েছে। শনিবার কমিশন জানিয়েছিল সারা দেশে ভোট পড়েছে ৬১.২ শতাংশের সামান্য বেশি।নতুন দেওয়া তথ্যে দেখা যাচ্ছে সেই হার ৬৩.৩৭ শতাংশ। কমিশনের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে, পঞ্চম দফাতেই সবচেয়ে কম ৬২.২ শতাংশ ভোট পড়েছে।ষষ্ঠপর্বে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে আটটি আসন বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভোটগ্রহণ হয়েছিল। ওই দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে চারটিতে ভোট হয়। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটির মধ্যে সবক’টি এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হয়েছিল।
