কালবৈশাখীর দাপট, শালবনিতে ভাঙল হ্যাঙার , বজ্রাঘাতে মৃত্যুও

0
148
ছবি সৌজন্যে : নিজস্ব

আচমকা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। এরইমধ্যে শালবনিতে মুখ্যমন্ত্রীর জন্য তৈরি মঞ্চের হ্যাঙার ভেঙে বিপত্তি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আচমকা কালবৈশাখীর জেরে কোথাও ভাঙল গাছ, কোথাও জলের তলায় চলে গিয়েছে রাস্তা।

সঙ্গে দমকা হাওয়ার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। যার জেরে অফিস ছুটির পর নাকাল হতে হয়েছে মানুষজনকে। এদিকে সোমবার শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার জন্য প্যান্ডেলের কাজ চলছিল। ঝড় বৃষ্টির দাপটে হ্যাঙ্গার ভেঙে পড়ে। জেলায় জেলায় ঝড় বৃষ্টির দাপট ছিল যথেষ্ট। ঘাটাল, দাসপুর চন্দ্রকোণায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ের দাপটে বৈকুন্ঠপুরে গাছ পড়ে মেদিনীপুরগামী রাস্তায় যানচলাচল বেশকিছুক্ষণ বন্ধ থাকে। কেঁপে বৃষ্টি হয়েছে কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও। এদিকে পাটের ক্ষেতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বছর ৫৫-র কুমারেশ ঘোষ মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা। হরিহরপাড়াতেও চাষের জমিতে কাজের সময় বজ্রপাতে বছর ৭২-র শ্যামল মাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও ২ জন। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার জেরে বৈশাখের শুরুতেই বৃষ্টি চলবে।