
মায়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এখন দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর মায়ানমার গৃহযুদ্ধের দিকে চলে যায়।
ওই সময় তিনি এক বছরের মধ্যে নির্বাচন করে অসামরিক সরকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তার পাঁচ বছর লেগে গেল।আজ নবনির্বাচিত সংসদ সদস্য মিন অং হ্লাইংকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট হওয়ার আগে সংবিধান অনুযায়ী তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, এটি শুধু নামেই অসামরিক শাসন। এদিকে,অভ্যুত্থানের পর প্রথমবার বসা এই সংসদের বেশির ভাগ সদস্যই তার অনুগত। সংবিধান অনুযায়ী সংসদের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
বাকি আসনের প্রায় ৮০ শতাংশ জিতেছে সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি। ফলে পুরো প্রক্রিয়াটি অনেকের কাছে আগে থেকেই নির্ধারিত ফলাফলের মতো মনে হচ্ছে। নতুন সরকার গঠনের পরও সেখানে সামরিক ব্যক্তিদের প্রভাব বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। মিন অং হ্লাইং ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, তার ঘনিষ্ঠ মিত্র কট্টরপন্থী জেনারেল ইয়ে উইন উ নতুন সেনাপ্রধান হবেন। তিনি কঠোর অভিযানের জন্য পরিচিত। পাশাপাশি মিন অং হ্লাইং একটি পরামর্শক পরিষদ গঠন করেছেন। সেই পরিষদের হাতে অসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই বড় ধরনের ক্ষমতা থাকবে।







