
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২৫ মে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হতে চলা প্রথম নাগরিক অলঙ্করণ অনুষ্ঠানে এই বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের এগারোজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই রাজ্য থেকে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পাবেন।
তাঁরা হলেন তবলা বাদক কুমার বসু, চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল,কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, কিংবদন্তি নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরি মাধব মুখোপাধ্যায়,বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী, শিক্ষাবিদ ও পরিবেশবিদ অধ্যাপক গম্ভীর সিংহ ইয়োনজোন, শিক্ষাবিদ ও সাহিত্যিক অশোক কুমার হালদার, মসলিন জামদানি তৈরির শিল্পে দক্ষতার জন্য জ্যোতিষ দেবনাথ, উত্তরবঙ্গে রসায়নের বিশিষ্ট অধ্যাপক মহেন্দ্র নাথ রায়, প্রখ্যাত সাঁওতালি লেখক রবিলাল টুডু এবং প্রখ্যাত সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য।
এর আগে ২৫ জানুয়ারি, কেন্দ্র সেই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল যাঁরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাবেন। ২০২৬ সালের জন্য, রাষ্ট্রপতি ১৩১টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। এই তালিকায় পাঁচটি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে ১৯ জন মহিলা এবং এই তালিকায় বিদেশি-এনআরআই, পিআইও, ওসিআই বিভাগের ছয়জন ব্যক্তি এবং ১৬ জন মরণোত্তর পুরস্কার প্রাপকও অন্তর্ভুক্ত রয়েছেন।






